‘ঐকমত্যে না আসতে পারলে বন্ধ থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার’

দেশে এখন
0

মালয়েশিয়ার শ্রমবাজার এখনও বন্ধ। দেশটির রিক্রুট পলিসির সঙ্গে ঐকমত্যে না আসতে পারলে এই বাজার বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আজ (বুধবার, ৬ মে) প্রবাসী কল্যাণ ভবনে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত অভিবাসী সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে অতীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ে দুই দেশের প্রতিনিধিদের সফর হয়েছে। কিন্তু বাজার এখনো খোলা যায়নি। মালয়েশিয়া ১০টি শর্ত দিয়েছিল। ওই শর্ত অনুযায়ী এজেন্সির তালিকা করলে মাত্র ছয় থেকে সাতটি প্রতিষ্ঠান যোগ্যতা অর্জন করে। পরে মন্ত্রণালয় জানায়, তারা সাতটি শর্ত মেনে নেবে। তখন ৪২৩টি এজেন্সির একটি তালিকা করা হয়। এর বাইরে অন্য কোনো এজেন্সি শর্ত পূরণ করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ার দেয়া ১০টি শর্ত পুরোপুরি মানলে বাংলাদেশের অধিকাংশ রিক্রুটিং এজেন্সি তালিকার বাইরে চলে যায়। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চিঠিপত্র আদান-প্রদান ও তৎপরতার মাধ্যমে শর্তগুলো নিয়ে সমন্বয়ের চেষ্টা করা হয়। পরে ছয়টি মূল শর্তের সঙ্গে অতিরিক্ত কিছু মানদণ্ড মিলিয়ে যেসব এজেন্সি যোগ্যতা অর্জন করে, তাদের নিয়ে ৪২৩টি প্রতিষ্ঠানের তালিকা মালয়েশিয়ায় পাঠানো হয়।’

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গুরু দিচ্ছি। সরকার এই খাতকে গুরুত্ব দিচ্ছে। চাইবো আসন্ন বাজেটে এই খাতে যেন বিশেষ গুরুত্ব পায়।’

সম্মেলনে অভিবাসী শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতাকে সামনে এনে অভিবাসন প্রক্রিয়ায় বিদ্যমান কাঠামোগত চ্যালেঞ্জ বিশ্লেষণ, নিরাপদ, স্বচ্ছ ও অধিকারভিত্তিক অভিবাসন ব্যবস্থার পথ খুঁজতে আহ্বান জানান অভিবাসন সংশ্লিষ্টরা। এসময় আড়াই শতাধিক অভিবাসী, নীতিনির্ধারক, সিভিল সোসাইটি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও তৃণমূল পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

ইএ