সেনা ফায়ারিং প্রতিযোগিতা: প্যারা কমান্ডো ব্রিগেডকে হারিয়ে চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

কুমিল্লা
চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন
দেশে এখন
0

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগীতায় প্যারা কমান্ডো ব্রিগেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ১৭ পদাতিক ডিভিশন।

পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

এসময় সেনাপ্রধান তার বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে এটিকে সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। প্রতি বছর সেনাবাহিনীর এ ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।

এ প্রতিযোগিতায় সৈনিক পিয়াল মন্ডল ১৭ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার; সৈনিক তানভীর হোসেন ১০ পদাতিক ডিভিশন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং সৈনিক জবা আক্তার ২৪ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন, লজিস্টিকস এরিয়া, ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স (এমজিও); কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; সেনাসদর ও ফরমেশনসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ