কোরবানির হাটে ছিনতাই ঠেকাতে ‘ক্যাশলেস লেনদেনের’ পরামর্শ র‌্যাব ডিজির

র‌্যাব মহাপরিচালকের ব্রিফিং
দেশে এখন
0

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে পশুর হাটগুলোতে নগদ টাকার বড় অঙ্কের লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

আজ (রোববার, ২৪ মে) ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব মহাপরিচালক এসব তথ্য জানান।

র‌্যাব ডিজি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সেজন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে র‌্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে।’ পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি কমাতে এবং হাটের শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাবের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে বলে জানান মো. আহসান হাবীব পলাশ। পাশাপাশি, কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পশুর নিরাপদ পরিবহন নিশ্চিত করতে ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় ‘রোবাস্ট পেট্রোলিং’ (শক্তিশালী টহল) এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট পরিচালনা করছে।

আরও পড়ুন:

জাল টাকা চক্রের দৌরাত্ম্য বন্ধে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘হাটে জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে জাল টাকা উৎপাদন ও চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট ছড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন র‌্যাব ডিজি। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পশুর হাট পরিদর্শনের আগে র‌্যাব মহাপরিচালক গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখেন। এসময় তিনি ঈদযাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরিদর্শনকালে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফএস