শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এ মামলায় হাইকোর্টের দেয়া দণ্ড বহাল রাখার প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। জানান, এই মামলার আসামি তারেক সাঈদের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে এই হত্যাকাণ্ড জিয়াউল আহসানের নির্দেশেই হয়েছে। পাশাপাশি, আসামিদের ১৬৪ ধারার জবানবন্দিতে অপহরণের পর কীভাবে সাতজনকে হত্যা করে মরদেহ গুম করা হয়, তার বিবরণ উঠে এসেছে। এতে পাঁচ-ছয় কোটি টাকা, ফ্ল্যাট ও কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, সাত খুন ছাড়াও চলতি নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে বুয়েটের আবরার ফাহাদ, মেজর সিনহা ও বিশ্বজিৎ দাস হত্যা মামলা আপিল বিভাগে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি বিচারিক আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন; পরে ওই বছরের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন, ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ৯ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড বহাল রাখেন। পরবর্তীতে আসামিরা আপিল করেন।





