কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
দেশে এখন
0

বিগত সময়ে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এর ফলে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা পাননি। তবে বঞ্চিত প্রায় ৬৫ হাজার শিক্ষককে আগামী জুলাই মাসের শেষ দিক থেকে ন্যূনতম এক লাখ টাকা করে দেয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।

আজ (শনিবার, ১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ে চার তলাবিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতার বিষয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে ৫০ শতাংশ হারে দেয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিআইপি অমল পোদ্দারের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় নির্মিত নতুন এই ভবন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

এএম