বিদ্যুৎ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে বিল বৃদ্ধি মিটারের ত্রুটির কারণে নয়, বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া এবং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হচ্ছে।’
এ সময় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়, জুন ২০২৬ থেকে নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হলেও লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের ট্যারিফ বহাল রাখা হয়েছে। তবে নতুন মূল্যহারের কারণে একই অঙ্কের রিচার্জে আগের তুলনায় কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে প্রিপেইড গ্রাহকদের অতিরিক্ত রিচার্জ করতে হচ্ছে।
এ সময় বিদ্যুৎ বিভাগ দাবি করে, গরম আবহাওয়া, কম বৃষ্টিপাত, ঈদের সময় অতিরিক্ত ব্যবহার, ফুটবল বিশ্বকাপ ও এসএসসি পরীক্ষার সময় বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় অনেক গ্রাহক উচ্চ ট্যারিফ স্ল্যাবে চলে গেছেন।
এ কারণেও বিল বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে যে করণিক ভুল পাওয়া গেছে, তা যাচাই করে সংশোধন করা হচ্ছে। গ্রাহক পর্যায় থেকে যেসব অভিযোগ এসেছে, সেগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে বলেও জানায় বিদ্যুৎ বিভাগ।





