মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রীর আইডি কার্ড ঝুলিয়ে আন্দোলন, থানায় জিডি

রুবাইয়া মেহজাবিন সুহি
দেশে এখন
1

রাজধানীর মাইলস্টোন কলেজের টিসি পাওয়া সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নেয়া এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) তুরাগ থানায় এ জিডি করা হয়। জিডিতে আবেদনকারী হিসেবে মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। তিনি কলেজ কর্তৃপক্ষের পক্ষে এ আবেদন করেন।

জিডিতে বলা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

আরও পড়ুন:

এতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নিয়ে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।

কলেজ কর্তৃপক্ষের দাবি, তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এতে কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তুরাগ থানায় জিডিটি নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এফএস