রেকর্ডের সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা যেন জন্ম-জন্মান্তরের। বয়সের বাধা, প্রতিপক্ষের চ্যালেঞ্জ কিংবা নতুন লিগের পরিবেশ- কোনো কিছুই থামাতে পারছে না আর্জেন্টাইন মহাতারকাকে। সেই ধারাবাহিকতায় সাফল্যের মুকুটে যোগ করেছেন আরেকটি পালক।
চলতি মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি। তাতেই টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন এমএলএসের গোল্ডেন বুট। লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পাওয়ার কীর্তি গড়েছেন এই জাদুকর।
আরও পড়ুন
গোলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা পিটার মুসার চেয়ে চার গোল এগিয়ে মেসি। তৃতীয় স্থানে থাকা স্যাম সারিজের সঙ্গে ব্যবধান পাঁচ গোলের। অর্থাৎ, প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বেশ স্বাচ্ছন্দ্যেই গোল্ডেন বুটের মুকুট জিতেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। লুইস সুয়ারেজ, থমাস মুলার, সন হিউং মিনের মতো ফুটবলাররা থাকলেও কেউই মেসির সঙ্গে পাল্লা দিতে পারেননি।
তবে মেসির অবদান কেবল গোলেই সীমাবদ্ধ নয়। ২৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭ গোল। অর্থাৎ, চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৪৩ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। প্রতি ম্যাচে গোল করার গড় প্রায় শূন্য দশমিক ৮৪।
গত মৌসুমে গোল্ডেন বুট জয়ের পথে ২৯ গোল করেছিলেন মেসি। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে তিনি যেন প্রমাণ করলেন, বয়স বাড়লেও কমেনি তার গোলক্ষুধা। এর বাইরে মাঠের জাদু তো আছেই।





