বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র ফ্রান্স রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত
দেশে এখন
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ফ্রান্স দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল (রোববার, ১৯ জুলাই ) সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ফ্রান্সের ২৩৭-তম জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা ও অভিনন্দনপত্র রাষ্ট্রদূতের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

শুভেচ্ছাপত্রে ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে ফরাসি সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত শুভেচ্ছাপত্রটি গ্রহণ করেন এবং ধন্যবাদ জানান।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

জেআর