আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেয়া মনোযোগ আকর্ষণ নোটিশে এ দাবি জানান তিনি।
নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব টিম দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করে প্রতিবন্ধকতা চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।’
মোক্তার আলী বলেন, ‘দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার সুশাসন ও জনসেবা নিশ্চিতের অন্যতম প্রধান অন্তরায়। সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার, উন্নয়ন প্রকল্পের যথাসময়ে বাস্তবায়ন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ে কার্যকর পরিবীক্ষণ ব্যবস্থা প্রয়োজন।’
তার মতে, একটি নিবেদিত পরিবীক্ষণ সেল নিয়মিত কর্মসম্পাদন মূল্যায়ন, ঝুঁকি নিরূপণ এবং অনিয়মের প্রাথমিক পর্যায়েই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে অপচয় কমার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা ও কর্মদক্ষতা বাড়বে।
আরও পড়ুন:
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি সংঘটনের আগে তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের ইন্টেলিজেন্স ইউনিট এবং অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনায় এনফোর্সমেন্ট ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩ জাতীয় হটলাইনও কার্যকর রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে প্রচলিত বিধি ও আইনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়।
উন্নয়ন প্রকল্পের তদারকিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি, স্টিয়ারিং কমিটি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন সেল, আইএমইডিসহ বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থায় প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য শুধু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়; বরং এমন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করা, যেখানে দুর্নীতির সুযোগ ক্রমাগত কমে আসবে।’
তিনি জানান, সরকারি কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণে অতিরিক্ত সচিবদের নেতৃত্বে তিন সদস্যের পরিবীক্ষণ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। এসব টিম দৈবচয়নের ভিত্তিতে যেকোনো দপ্তর পরিদর্শন করে প্রতিবন্ধকতা চিহ্নিত, উত্তম চর্চা সম্প্রসারণ এবং জনসেবার গতি বাড়াতে সুপারিশ করবে।
সম্পূরক প্রশ্নে মোক্তার আলী বলেন, ‘আইনের শাসন, কঠোর প্রশাসন ও স্বাধীন বিচারব্যবস্থা ছাড়া সুশাসন নিশ্চিত করা কঠিন।’ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনের শাসন বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে জনগণকেও ‘পাহারাদার’ হিসেবে ভূমিকা রাখতে হবে।’




