জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দুই রাজনৈতিক নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে দুই রাজনৈতিক নেতা নিউ ইয়র্ক যাবেন। তারা হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও আইনমন্ত্রী।

আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব জানান, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।

বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

এছাড়া রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আয়োজিত পৃথক সাইড ইভেন্টেও বক্তব্য দেবেন তিনি।

সফরকালে কুয়েত, ক্রোয়েশিয়া, পাকিস্তান ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন ৩৫ জন।’

জেআর