দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
দেশে এখন
0

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এজন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৩-এর প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিদ্যমান সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠন করতে হবে।

এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি গ্রহণ করে তা গঠনের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে গত ২ আগস্ট বোর্ড থেকে জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন ব্যবস্থায় মাদ্রাসার সভাপতি মনোনয়নের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত প্রবিধান অনুযায়ী, মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের একটি তালিকা তৈরি করে শিক্ষা বোর্ডে পাঠাবেন।

সিটি করপোরেশনের আওতাভুক্ত মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে সভাপতি মনোনয়নের প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

এদিকে, নির্দেশনাটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭ সেপ্টেম্বরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে। বোর্ডের আওতাধীন সব স্তরের বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এফএস