ম্যাচ শেষে মিক্সড জোনে পাকিস্তানের খেলোয়াড়দের হাসির ছবিটাই হয়তো সবচেয়ে বেশি পোড়াবে বাংলাদেশকে। আরও একবার সাফের খুব কাছ থেকে ফিরলো বাংলাদেশ। গোলরক্ষক শ্রাবণের এক মুহূর্তের ভুল বাংলাদেশের আক্ষেপ বাড়ালো আরও অন্তত একটা সাফের আসর।
গ্যালারি কাঁপিয়ে আসা সমর্থকদের কণ্ঠে হতাশা আর ক্ষোভ। জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে এসে পরাজয়ের আক্ষেপ নিয়েই ফিরেছেন তারা। ক্ষুব্ধ দর্শকদের কাছে খলনায়ক মেহেদি হাসান শ্রাবণই।
তেইশ বছর পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বড় প্রত্যাশা ছিলো বাংলাদেশের। হারলেও সেখান থেকে ইতিবাচক কিছুই খুঁজছেন কেউ কেউ।
গোলবারের নিচে ভুলের বিষয়টি স্বীকার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একসময়ের দেশসেরা গোলরক্ষক বললেন, অতিরিক্ত চাপে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি শ্রাবণ।
আরও পড়ুন:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, শুরু থেকেই বাংলাদেশ দল কিছুটা মানসিক চাপ নিয়ে খেলেছে, যে জিততেই হবে। এ কারণে তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। পুরো ম্যাচেই মনে হয়েছে, কিছুটা তাড়াহুড়ো করছিলো। সেই তুলনায় পাকিস্তান দল অনেক সময় নিয়ে, বল ধরে রেখে সুযোগের অপেক্ষায় ছিলো।’
ম্যাচ হারের জন্য কাউকে এককভাবে দায়ী করতে চান না হামজা-শোমিতরা। দল হিসেবে আরও ভালো করার প্রত্যয় তাদের।
হামজা চৌধুরী বলেন, ‘আমরা দল হিসেবে খেলেছি, ব্যক্তিগতভাবে কাউকে দোষ দিতে পারবো না।’
শোমিত শোম বলেন, ‘এখন কে খারাপ করেছে, এটা বলে আসলে লাভ নেই। যে ভুল করেছে, সে শিখবে, উন্নতি করবে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারত-পাকিস্তান লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচেও হয়তো জাতীয় স্টেডিয়াম কিছুটা বিবর্ণই থাকবে এমন শঙ্কা সংশ্লিষ্টদের।





