সোহরাওয়ার্দী উদ্যান থেকে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান
দেশে এখন
0

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানিদের আত্মসমর্পণ ম্যুরাল পরিবর্তন করে পানির ফোয়ারা স্থাপন করা হচ্ছে না বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘কয়েকদিন আগে একটা অনলাইন পত্রিকায় এ বিষয়ে অত্যন্ত ভুলভাবে নিউজ এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভটা কীভাবে সম্পন্ন করা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করছি। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে, এ নিয়ে আমাদের কোনো আলোচনা বা এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সেখানে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে, বর্তমান সরকার স্বাধীনতা স্তম্ভের মূল চেতনাকে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ করছে।’

এসময় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘কলোনিয়াল মেন্টালিটির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছে দুই দেশ। দু-দেশের পারস্পরিক নির্ভরশীলতা আছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে দুই দেশের আগ্রহ আছে। সুবিধাজনক সময়ে সফর হবে, এখনো মাস বা দিন ঠিক হয়নি। কিছু চ্যালেঞ্জ থাকবেই, তবে সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই।’

এসময় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ত্রিবেদী।

জেআর