ক্ষুদ্র-কুটির শিল্প দেশের অর্থনীতিতে বৃহৎ ভূমিকা রাখছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
দেশে এখন
0

ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বড়বড় শিল্পের মতো নয়, তবে দেশের অর্থনীতিতে বৃহৎ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (বুধবার, ৭ অক্টোবর) ‎দুপুরে তেজগাঁও বিসিক ভবনে বিসিক শরৎ মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ক্ষুদ্র কুটির শিল্পে কাজ করার মধ্য দিয়ে নারীরা আত্মনির্ভরশীল হতে পারছে। তাই সরকারও ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে কাজ করছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছোট ছোট ব্যবসা থেকে বড় ব্যবসার সৃষ্টি হয়; তাই এসব কোন ব্যবসাকে ছোট বলে অবজ্ঞা করার সুযোগ নেই। বস্ত্র শিল্পের জন্মও কুটির শিল্প থেকেই; যা আজ বড় বড় শিল্পে পরিণত হয়েছে। বড় শিল্পপতিরা চাইলে ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে গার্মেন্টসের থেকেও বেশি অর্থ লাভ করা যায়। অনেক ক্ষেত্রে গার্মেন্টস পণ্যের থেকে কুটির শিল্পে তৈরি পণ্যের দাম বেশি হয়ে থাকে।’

তাই বড় বড় ইনভেস্টরদের এ খাতের দিকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। বক্তব্যের শেষে এসে তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি আকৃষ্ট করলেও প্রকৃতিকে বাঁচাতে আমাদের সনাতনী পদ্ধতিতে ফিরে আসতে হবে।’ তখন এই কুটির শিল্পের সাথে জড়িতদের কদর বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জেআর