ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও।
পরিস্থিতি বিবেচনায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় পূর্বঘোষণা অনুযায়ী সরাসরি ফ্লাইট চালু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা থেকে পরিচালিত বিভিন্ন এয়ারলাইন্সের ১৫৩টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভ্রমণ বিঘ্নিত হয়েছে ২২ হাজার ৬৩৬ জন যাত্রীর।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দু’টি ফ্লাইট পরিচালনা করছে বিমান। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
অন্যদিকে রিয়াদগামী যাত্রীদের বিকল্প যাত্রার সুযোগ দিতে জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
২৬ ও ২৮ অক্টোবরের পাশাপাশি ৩০ অক্টোবর এবং আগামী ২ নভেম্বরও বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। রিয়াদের টিকিটধারী যাত্রীরা নির্ধারিত শর্তে এসব ফ্লাইটে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।





