আজ (রোববার, ১ নভেম্বর) ডা. শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করা হয়।
গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক উল্লেখ করে তিনি লেখেন, ‘দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়া জনিত কারণে তৈরি পোশাক খাত সত্যিই এক কঠিন সময় পার করছে।’
তিনি আরও লেখেন, ‘ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ, চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।’
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো গেলে এই সমস্ত সমস্যাগুলো যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব বলে জানান তিনি।
শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে উল্লেখ করে তিনি লেখেন, ‘শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি—দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে।’
সকল পক্ষকে সংযম প্রদর্শন ও নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দেয়ার জন্য আহ্বান জানান তিনি। ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এখানে কালক্ষেপণের কোনো সুযোগ নেই বলেও জানান জামায়াত আমির।





