কুচক্রী মহল পোশাকশ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে: ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান
দেশে এখন
2

শ্রমিক আন্দোলনে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। শ্রমিকদের নির্বিঘ্নে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পুলিশ শ্রমিকের পাশে রয়েছে।

আজ (সোমবার, ২ নভেম্বর) বিকেলে আশুলিয়া-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আপনারা জানেন, গতকাল (রোববার) সকালে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মজুরি বোর্ড ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। সরকার আইনগতভাবে শ্রমিকদের মজুরির বিষয়টি দেখছে। এরপরও যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের কর্মকাণ্ডকে আমরা শ্রমিক আন্দোলন বলে মনে করি না। তারা শ্রমিক নয়, বরং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পাশাপাশি পেছন থেকে ইন্ধনদাতাদের সম্পর্কেও পুলিশের কাছে তথ্য রয়েছে উল্লেখ করে ডিআইজি বলেন, ‘তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেউ আইনের বাইরে নন। যে যতটুকু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তার বিরুদ্ধে ততটাই কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। ইতোমধ্যে অনেক বিশৃঙ্খলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারা কতটুকু জড়িত, তা যাচাই করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরও পড়ুন:

পুলিশের গুলিতে এক শ্রমিকের মৃত্যুর গুজব প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত দু’দিন ধরে সাংবাদিকেরা সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করছেন।’ পুলিশের গুলিতে কোথাও কোনো শ্রমিকের মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে সাংবাদিকদের কাছে জানতে চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমকে গুজব ছড়ানোর কারখানা বলেও উল্লেখ করেন তিনি। ‘একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পোশাকশ্রমিকদের ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে,’ যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

ডিআইজি বলেন, ‘স্কুল-কলেজ খোলা থাকায় কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সাভারে সোমবার বিকেএসপি স্কুলের এক শিক্ষার্থী দৌড়ে নিজেকে রক্ষা করতে গিয়ে শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি নির্দিষ্ট গ্রুপ থেকে উসকানিমূলক বক্তব্য ছড়ানোর বিষয়টি গত চার দিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান মোস্তাফিজুর রহমান। তার দাবি, এসব গ্রুপ থেকে সহিংসতার ঘোষণা দেয়া হচ্ছে এবং সে অনুযায়ী সহিংসতার ঘটনা ঘটছে।

এসএস