পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দেশে এখন
0

গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একই সময়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭ বার হামলা হয়েছে।

তিনি আরও জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলা হয়েছে। এসময়ে ২৯৭ জনকে অপহরণ এবং ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭ বার।

পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে বিশেষ অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ‘অপারেশন উত্তরণ’ ছাড়াও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণশিবিরে অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এসব অভিযানে বিমানবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, চাঁদাবাজি বন্ধে চেকপোস্ট বাড়ানো হয়েছে। মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচার ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কয়েক শত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক ও ড্রোন-সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেআর