মার্কিন সশস্ত্র বাহিনীতে কমেছে প্রেসিডেন্টের সমর্থন; প্রতিরক্ষামন্ত্রীকে নিয়েও অসন্তোষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

গত এক বছরে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সক্রিয় সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বড় ধাক্কা খেয়েছে। মার্কিন সাময়িকী নিউজ উইকে প্রকাশিত সামরিক বাহিনীর সাম্প্রতিক বিভিন্ন জরিপ পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সাবেক সেনাদের নেতৃত্বাধীন সংস্থা কমন ডিফেন্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, সক্রিয় মার্কিন সেনা সদস্যদের ৪৯ শতাংশই ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ জানিয়েছেন, যেখানে সমর্থন দিয়েছেন মাত্র ৪২ শতাংশ। ফলে এই বাহিনীতে তার নিট গ্রহণযোগ্যতা দাঁড়িয়েছে মাইনাস ৭ শতাংশে। অথচ ইরান যুদ্ধ শুরুর আগে, ২০২৫ সালের আগস্টের এক জরিপে সক্রিয় সেনাদের মধ্যে ট্রাম্পের সমর্থন ছিল ৫৩ শতাংশ এবং অসন্তোষ ছিল ৪১ শতাংশ (নিট প্লাস ১২ শতাংশ)। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটির সামরিক বাহিনীতে ট্রাম্পের সমর্থন কমেছে ১৯ পয়েন্ট।

একই ধরনের জনসমর্থন হারানোর মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত এক বছরে সক্রিয় সেনাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ২২ পয়েন্ট কমেছে। ২০২৫ সালে হেগসেথের পক্ষে ৪৭ শতাংশ এবং বিপক্ষে ৪১ শতাংশ সমর্থন থাকলেও ২০২৬ সালে তা নেমে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে এবং তার প্রতি অসন্তোষ বেড়ে হয়েছে ৫৪ শতাংশ (নিট মাইনাস ১৬ শতাংশ)। বিশেষজ্ঞদের মতে, অতীতে প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে সাধারণ সেনাদের মধ্যে তেমন রাজনৈতিক ভাবনা না থাকলেও হেগসেথ নিজেকে সরাসরি সামরিক নেতৃত্বদানকারী হিসেবে তুলে ধরার কারণে তার নীতি নিয়ে প্রতিক্রিয়াও তীব্র হয়েছে।

ইরান যুদ্ধ নিয়ে সামরিক বাহিনীর সক্রিয় সদস্যদের সঙ্গে সাবেক প্রবীণ সেনাদের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট বিভক্তি দেখা গেছে। অপারেশন এপিক ফিউরি নামের এই যুদ্ধের সরাসরি বিরোধিতা করছেন সক্রিয় সেনাদের ৪৮ শতাংশ, আর পক্ষে আছেন ৩২ শতাংশ। বিপরীতে অবসরপ্রাপ্ত প্রবীণ সেনাদের ৫৩ শতাংশ এই অভিযানকে সমর্থন এবং ৪৪ শতাংশ বিরোধিতা করেছেন। এছাড়া সামরিক পরিবারের সদস্যদের ৬৯ শতাংশই ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

ডিউক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পিটার ফিভার জানান, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান পার্টির পরাজয়ের প্রভাব সামরিক অঙ্গনেও পড়েছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যেভাবে রাজনৈতিক ঐকমত্য ছাড়াই একতরফা নীতি চাপিয়ে দিয়েছে এবং ইরান যুদ্ধও প্রত্যাশামতো এগোয়নি, তার ফলেই সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ বেড়েছে।

জরিপে অংশ নেয়া সেনাদের প্রায় ৭৫ শতাংশ মনে করছেন, রাজনীতিক ও রাষ্ট্র তাদের এবং তাদের পরিবারকে অবহেলা করছে। কমন ডিফেন্সের নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন সেনা জোসে ভাসকেজ বলেন, বাহিনীতে রাজনীতিকরণের প্রভাব পড়তে থাকায় অনেক সেনা সদস্য চাকরি ছাড়ার কথা ভাবছেন, যা সামরিক প্রস্তুতির জন্য বড় ধরনের সংকট। গত সেপ্টেম্বর মাসে ৭৩১ জন সক্রিয় সেনা, সাবেক সেনা ও তাদের পরিবারের ওপর এই জরিপ পরিচালনা করে চেঞ্জ রিসার্চ।

এএম