মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান বদল, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার পরস্পরবিরোধী অবস্থানের কারণে আট মাস ধরে চলা এই যুদ্ধের শেষ কোথায়, তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে মধ্যপ্রাচ্য। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচনের পর থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, টেলিভিশন সাক্ষাৎকারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ট্রাম্প একদিকে যেমন ইরানে নতুন করে হামলার অবস্থান থেকে সরে এসেছেন, তেমনি সংঘাত অবসানে তেহরানের আলোচকদের সঙ্গে নতুন কোনো বৈঠকের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন। নির্বাচনের পরদিনই তিনি স্বীকার করেন, এই যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা রিপাবলিকানদের নির্বাচনি পরাজয়ের জন্য আংশিক দায়ী। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তটি সঠিক ছিল বলেই দাবি করেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানে নতুন করে বড় ধরনের হামলার নির্দেশ দেয়ার প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, ‘সামরিক দিক থেকে এই যুদ্ধ কার্যত শেষ।’

কিন্তু বৃহস্পতিবারই তিনি আবার দ্রুত যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প ঘোষণা দেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ইরানের সঙ্গে আগের শান্তি আলোচনায় প্রধান আলোচকের দায়িত্ব পালন করা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এই প্রক্রিয়া থেকে সরে এসে ডেমোক্র্যাটশাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে প্রশাসনের জালিয়াতিবিরোধী অভিযানে মনোযোগ দেয়ার নির্দেশ দেন তিনি।

তবে এর মধ্যেও ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনার কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে। বৃহস্পতিবার রক্ষণশীল সম্প্রচারক হিউ হিউইটকে তিনি বলেন, ‘কোনো কিছু ঠিকঠাক না চললে পদক্ষেপ নিতে আমি দ্বিধা করব না।’

এশিয়া সফরেও ট্রাম্পের পিছু ছাড়বে না ইরান যুদ্ধ
মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ না করেই শুরু করা এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। এর মধ্যে ট্রাম্পের সুর বদল ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কেবল অনিশ্চয়তাই বাড়িয়েছে। শুক্রবার ডেনভারে ডেমোক্র্যাটদের নির্বাচন-পরবর্তী সম্মেলনের ফাঁকে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন এমন এক অগ্নিসংযোগকারীর মতো আচরণ করছেন, যিনি আমাদের পররাষ্ট্রনীতিতে আগুন লাগিয়ে দিয়ে এখন স্রেফ সরে পড়তে চাইছেন।’

আগামী সপ্তাহে ট্রাম্পের ফিলিপাইন সফর এবং চীনের প্রযুক্তি শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনেও যুদ্ধ নিয়ে তার এই অস্পষ্ট অবস্থান বড় হয়ে দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে। শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন ট্রাম্প। সেখানে দুই নেতার সঙ্গে ইরান পরিস্থিতি এবং তিন পরাশক্তির পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচন-পরবর্তী সময়ে ইরান নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্পের কৌশলের কারণে ইরানের অর্থনীতি ধসে পড়ছে। শুক্রবার সন্ধ্যায় ফেডারেলিস্ট সোসাইটিতে দেয়া এক ভাষণে রুবিও বলেন, ‘ওই শাসনব্যবস্থাকে আমরা অর্থনৈতিকভাবে এতটাই যন্ত্রণার মধ্যে ফেলেছি যে সেখানে আর সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই, কারণ আমরা তাদের অনেক দুর্বল করে দিয়েছি।’

ট্রাম্পের অবস্থান বুঝতে হিমশিম খাচ্ছেন মধ্যপ্রাচ্যের কূটনীতিকেরা
পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি অন্তর্বর্তী চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভবিষ্যৎ আলোচনার পথও খোলা রাখতে চায় দোহা। কিন্তু প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মধ্যপ্রাচ্যের দুই কূটনীতিক জানিয়েছেন, ট্রাম্পের পরিবর্তনশীল এবং কখনো কখনো পরস্পরবিরোধী মন্তব্যের কারণে সেই প্রচেষ্টা এখন অনিশ্চয়তায় ঢাকা পড়েছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিকেরা জানান, সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর পরিস্থিতি সঠিক পথেই এগোচ্ছে বলে মনে হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলে ট্রাম্পের পোস্ট এবং ভ্যান্সকে জালিয়াতিবিরোধী অভিযানে ‘পূর্ণ মনোযোগ’ দেয়ার নির্দেশ সবকিছু ঝুলিয়ে দিয়েছে। এক কূটনীতিক বলেন, যুদ্ধ শুরুর বিষয়ে শুরুতে সন্দিহান থাকলেও শেষ পর্যন্ত ট্রাম্পকে সমর্থন দেয়া ভ্যান্সকে কেন এভাবে সরিয়ে দেয়া হল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট আরেকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইরানের জ্যেষ্ঠ আলোচকদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ভ্যান্সের এই ভাবনার খবর প্রকাশের পরদিন সকালেই তাকে ইরান আলোচনা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে পোস্ট করেন ট্রাম্প। সূত্রটি জানায়, ভ্যান্সের এই চিন্তাভাবনার কথা ট্রাম্প জানতেন, তবে প্রেসিডেন্ট মনে করেন ইরান সদিচ্ছা নিয়ে কাজ করছে না।

এছাড়া যুদ্ধে নিজের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে বলে বিশ্বাসযোগ্যভাবে ঘোষণা দেয়ার বিষয়ে ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ট্রাম্প। অথচ হরমুজ প্রণালি দিয়ে চলাচল এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির পর গত অক্টোবরেই এই জলসীমায় বাণিজ্যিক জাহাজে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও ওই সূত্রটি জানায়, প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধ-পূর্ববর্তী অবস্থার কাছাকাছি পৌঁছানোয় ট্রাম্প মনে করছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ পরিচালনার বিষয়ে ইরানের সঙ্গে চুক্তির ভার তিনি উপসাগরীয় দেশগুলোর ওপরই ছেড়ে দিতে পারেন।

আঞ্চলিক অপর কূটনীতিক জানান, ট্রাম্পের আসল উদ্দেশ্য নিয়ে হোয়াইট হাউসের স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় থাকায় শান্তি প্রচেষ্টা এখন থমকে আছে। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাম্প কি সত্যিই আলোচনার মাধ্যমে চুক্তির পথ ছেড়ে দিচ্ছেন, নাকি কেবল রাজনৈতিক ভঙ্গি নিচ্ছেন—তা মধ্যস্থতাকারী বা ইরান কারও কাছেই স্পষ্ট নয়।

মধ্যস্থতার প্রচেষ্টা যুক্তরাষ্ট্র ছাড়েনি, দাবি রুবিওর
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিজেদের মূল শর্তগুলোতে যুক্তরাষ্ট্র রাজি না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে নারাজ ইরান। অথচ তেহরানের পারমাণবিক কর্মসূচিই সবচেয়ে জটিল ইস্যু এবং ট্রাম্পের শর্ত হলো যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তিতে এর সমাধান থাকতেই হবে।

এদিকে তেহরানের সুরও নরম হয়নি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলামহোসেইন দারজি বলেন, ইরান ‘কখনোই কূটনীতির দরজা বন্ধ করেনি’। তবে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল আবারও বোমাবর্ষণ শুরু করলে তার দেশ ‘তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব’ দেবে।

চলতি সপ্তাহের শুরুতে রুবিও জোর দিয়ে বলেন, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রাখার বিপক্ষে নয় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘যদি কোনো চুক্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে প্রেসিডেন্টই সবার আগে তার পক্ষে থাকবেন। কিন্তু সেটি কোনো বোকামি বা খারাপ চুক্তি হবে না।’

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল সিং মনে করেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অচলাবস্থা এবং বিশ্ববাজারে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ঠেকাতে কয়েক মাস ধরে চলা মার্কিন নৌ-অবরোধ আরও কিছুদিন অব্যাহত থাকবে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্যবিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ করা সিং বলেন, সামরিক সংঘাত বাড়ানো বা তেহরানকে ছাড় দেয়ার চেয়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কৌশলটিই ট্রাম্পের কাছে অনেক বেশি আকর্ষণীয়। তবে ইরান গুরুত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে মনে করলে ভ্যান্সকে সংযুক্ত করার বিষয়ে ট্রাম্প যেকোনো সময় নিজের অবস্থান বদলাতে পারেন।

সিং বলেন, ‘ধৈর্য ধরা, চাপ বজায় রাখা এবং মধ্যস্থতাকারীদের কাজ চালিয়ে যেতে দেয়াই সম্ভবত সবচেয়ে বুদ্ধিমানের পথ। আর যখন সঠিক সময় আসবে, কেবল তখনই ভাইস প্রেসিডেন্টের মতো জ্যেষ্ঠ কর্মকর্তাদের এতে যুক্ত করা উচিত, তার আগে নয়।’

এএম