আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি রাঙামাটির শহিদ মিনার ঘাট এলাকায় এসে শেষ হয়।
প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। এতে পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন প্রথম স্থান অর্জন করেন।
এছাড়া পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন। নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার দ্বিতীয় এবং পলি খাতুন তৃতীয় স্থান অর্জন করেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে রাঙামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবনে সাঁতার একটি অপরিহার্য দক্ষতা। সাঁতারের প্রসারে বাংলাদেশ সুইমিং ফেডারেশন জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এরই মধ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রমও শুরু হয়েছে।’
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।
এসময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।





