সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহক পেলেন ৮৪ কোটি টাকা

সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

সমস্যাগ্রস্ত আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ছয় লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি বছরের পর বছর ধরে গ্রাহকদের মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ করছে না, সেসব চিহ্নিত কোম্পানির লাইসেন্স বাতিলের পরিকল্পনা সরকারের আছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ লাইফ ও নন-লাইফ মিলিয়ে মোট ৮২টি বিমা কোম্পানি কার্যরত রয়েছে। এর মধ্যে দুর্বল আর্থিক অবস্থা ও নিম্নমানের কার্যক্ষমতার কারণে আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে মোট ৮৪ কোটি ছয় লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘এ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে দাবি নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হয়েছে।’

লাইসেন্স বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘কোম্পানির লাইসেন্স বাতিল হলেও বিমা গ্রাহকদের প্রতি কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা বিলুপ্ত হয় না। তাই আইনগত ও আর্থিক দায়বদ্ধতা এবং পলিসিধারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে লাইসেন্স বাতিলের বিষয়টি পর্যালোচনা করা হবে। গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএইচ