মেরিন ক্যাডেট ভর্তিতে আবেদন শুরু, সুযোগ ৭৩০ জনের

বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে ক্যাডেটরা
দেশে এখন
1

সমুদ্রগামী জাহাজে পেশাজীবন গড়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য মেরিন ক্যাডেট হওয়ার সুযোগ এসেছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ১০টি মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানে নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট ৭৩০ জন ক্যাডেট ভর্তির সুযোগ পাবেন।

নৌপরিবহন অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে সব সার্ভিস চার্জসহ ১ হাজার ৪০০ টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পাঁচটি সরকারি মেরিন একাডেমি এবং একটি বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদিত তিনটি বেসরকারি প্রতিষ্ঠানেও ক্যাডেট ভর্তি করা হবে।

কোন প্রতিষ্ঠানে কত আসন

সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে ২০০ জন ক্যাডেট নেয়া হবে। এর মধ্যে পুরুষ ১৮০ এবং নারী ২০ জন। পুরুষদের জন্য নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ৯০টি করে আসন এবং নারীদের জন্য ১০টি করে আসন রয়েছে।

বাংলাদেশ মেরিন একাডেমি পাবনায় ৫০, বরিশালে ৭০, রংপুরে ৭০ এবং সিলেটে ৫০ জন পুরুষ ক্যাডেট ভর্তি করা হবে। এসব প্রতিষ্ঠানে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে সমানসংখ্যক আসন রাখা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে ৮০ জন ক্যাডেট নেয়া হবে। এর মধ্যে পুরুষ ৭০ ও নারী ১০ জন। উভয় বিভাগের জন্য পুরুষদের ৩৫টি এবং নারীদের পাঁচটি করে আসন রয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি ঢাকায় ৭০, ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি ঢাকায় ৫০, মাস মেরিন একাডেমি চট্টগ্রামে ৪০ এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঢাকায় ৫০ জন পুরুষ ক্যাডেট ভর্তি করা হবে। এসব প্রতিষ্ঠানে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে নির্ধারিত আসন রয়েছে। তবে প্রয়োজন বিবেচনায় কর্তৃপক্ষ আসনসংখ্যা কমাতে বা বাড়াতে পারবে।

বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ |ছবি: বাংলাদেশ নৌবাহিনী

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর বয়স ২০২৬ সালের ৩১ অক্টোবর তারিখে সর্বোচ্চ ২২ বছর হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.৭৫ থাকতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৩.৫০ থাকতে হবে। ইংরেজিতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর বা জিপিএ ৩.০০-এর কম হলে IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে ৫.৫ স্কোর থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, গণিত ও ইংরেজিসহ অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম C গ্রেডে O-Level এবং পদার্থবিজ্ঞান ও গণিতসহ ন্যূনতম C গ্রেডে A-Level সনদ থাকতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। বডি মাস ইনডেক্স বা BMI হতে হবে ১৭ থেকে ২৫-এর মধ্যে।

দৃষ্টিশক্তির ক্ষেত্রে নটিক্যাল ক্যাডেটদের খালি চোখে ৬/৬ এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের ৬/১২ থাকতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের চশমাসহ দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে। ১৮ বছর বয়স হওয়ার আগে LASIK, PRK বা SMILE অস্ত্রোপচার গ্রহণযোগ্য নয়। অস্ত্রোপচারের তারিখ থেকে চোখ পরীক্ষার তারিখের মধ্যে অন্তত তিন মাসের ব্যবধান থাকতে হবে।

এছাড়া সমুদ্রগামী জাহাজে কাজের জন্য সাঁতার জানা অত্যাবশ্যক। প্রশিক্ষণ চলাকালে সাঁতার শিখতে ব্যর্থ হলে প্রশিক্ষণ সম্পন্নের সনদ দেয়া হবে না।

বাংলাদেশ নৌবাহিনীর একটি রণতরী |ছবি: বাংলাদেশ নৌবাহিনী

যেভাবে হবে ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। পদার্থবিজ্ঞান, গণিত, ইংরেজি এবং বাংলাদেশ ও সাধারণ জ্ঞান; প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করতে মোট নম্বরের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। পাশাপাশি ইংরেজি বিষয়ে আলাদাভাবে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। এতে উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্ত নির্বাচনের আগে মনোবৈজ্ঞানিক মূল্যায়ন বা Psychometric Test, চক্ষু পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসব পরীক্ষার ফি প্রার্থীদেরই বহন করতে হবে।

অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় তথ্য

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট dos.gov.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে সমস্যা হলে doscadet.solutionart.net ওয়েবসাইটেও আবেদন করা যাবে। আবেদনসংক্রান্ত নির্দেশিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেয়া রয়েছে।

আবেদনের সময় নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে ছবি যুক্ত করতে হবে। ভর্তি পরীক্ষার প্রতিটি ধাপে AI Face Detection প্রযুক্তি ব্যবহার করে প্রার্থীর পরিচয় যাচাই করা হবে। জাল প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফল প্রকাশের পর ওয়েবসাইটে নিজস্ব আইডি দিয়ে লগইন করে একাডেমির পছন্দক্রম দিতে পারবেন। এ প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তী ধাপে অংশ নেয়া যাবে না।

লিখিত পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র, প্রবেশপত্র এবং পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা পরে এসএমএস ও নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।

ভর্তিসংক্রান্ত প্রয়োজনে ০১৮১০০০১১৯০ ও ০১৭৩১৬১৬৩৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ভর্তির নিশ্চয়তা দিয়ে কেউ অর্থ দাবি করলে বুঝতে হবে, তিনি প্রতারণার চেষ্টা করছেন। কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এসএইচ