দীর্ঘ ৪০ বছর পর আজ উদ্বোধন হবে পাবনা-ঢাকা সরাসরি রেল

পাবনা রেলওয়ে স্টেশন
এখন জনপদে
0

দীর্ঘ ৪০ বছর প্রতীক্ষার অবসান হয়ে আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হবে পাবনা টু ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। এতে জেলাজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাস, চারিদিকে যেন সাঁজ সাঁজ রব উঠেছে।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে পাবনা-ঢাকা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস ’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন হবে।

আজ বিকাল ৩টায় মিনিটে পাবনা স্টেশন থেকে উদ্বোধন করার কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

​প্রায় চার দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সেই লক্ষ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের এক জোড়া আন্তঃনগর ট্রেনের মাধ্যমে সরাসরি রেলপথে রাজধানীর সঙ্গে যুক্ত হচ্ছে উত্তরের এই জনপদ। এমন খবরে আনন্দে ভাসছে জেলার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।

১৯১৫ সালে ব্রিটিশ আমলে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মাধ্যমে এই অঞ্চলে রেল যোগাযোগ শুরু হলেও মূল শহরটি ছিল রেল নেটওয়ার্কের বাইরে। ২০১৩ সালে ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী- পাবনা-ঢালারচর রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়ে ২০১৯ সালে শেষ হয়। তবে সেসময় কেবল পাবনা-রাজশাহী রুটে একটি লোকাল ট্রেন চালু করা হয়েছিল। ২০২৩ সালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনার জনসভায় ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিলেও তা আলোর মুখ দেখেনি।

পরবর্তীতে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনি ইশতেহারে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভনের প্রচেষ্টায় সেই প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিচ্ছে।

আরও পড়ুন:

পাবনাবাসী জানান, এতদিন ঢাকায় যেতে সড়কপথে তীব্র যানজট, বাড়তি ভাড়া কিংবা ঈশ্বরদী-চাটমোহর ঘুরে অথবা কাজিরহাট-আরিচা নৌপথে চরম ভোগান্তি পোহাতে হতো। সরাসরি ট্রেন চালু হওয়ায় সময় ও অর্থ দুটোই বাঁচবে তাদের।

অগ্রিম টিকিট বিক্রির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাবনা স্টেশনের কাউন্টারগুলোতে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঐতিহাসিক এই প্রথম যাত্রার সাক্ষী হতে আগেভাগেই টিকিট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা।

দীর্ঘ প্রতীক্ষার পর এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা খাতে নতুন প্রাণের সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে উদ্বোধন উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও পুলিশের নিরাপত্তাসহ সব বিষয়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ সেই প্রত্যাশা পূরণে, পাবনা-ঢাকা ট্রেন উদ্বোধন উপলক্ষে বড় জমায়েত হবে বলে মনে করি। সেই লক্ষে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সব প্রকার প্রস্তুতি আমাদের রয়েছে।’

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাবনা জেলা পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার সদস্যর পাশাপাশি রোভার স্কাউটস, বিএনসিসিসহ সবাইকে সংপৃক্ত রেখেছি পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে আরএনবি, রেলওয়ে পুলিশ ও তাদের জনবল থাকবে। সর্বোপরি বলবো জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই উদ্বোধন অনুষ্ঠান সফল হবে বলে মনে করি।’

এসএস