বিটিভির নতুন অনুষ্ঠান ‘প্রাণীর জন্য মমতা’

‘প্রাণীর জন্য মমতা’ প্রোগ্রাম
দেশে এখন
0

প্রাণীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে জনসচেতনতামূলক একটি সাপ্তাহিক অনুষ্ঠান চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অনুষ্ঠানের নাম ‘প্রাণীর জন্য মমতা’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়তই প্রাণীদের ওপর নির্যাতন হচ্ছে। আবার বিপরীত চিত্রও দেখা যায়। যে চিত্রে ফুটে ওঠে অবলা প্রাণীদের সঙ্গে মানুষের গভীর মমতার সম্পর্ক।

এ অনুষ্ঠানের উদ্দেশ্য, প্রাণী বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। আর সবার মধ্যে এই বোধ তৈরি করা, প্রাণীরাও সমাজেরই অংশ। অতএব এদের ভালো থাকতে দিতে হবে।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘প্রাণীরা, বিশেষ করে পথপ্রাণীরা অসহায় জীবন যাপন করে। এ অনুষ্ঠানটি ওদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।’

উল্লেখ্য, সাপ্তাহিক অনুষ্ঠান ‘প্রাণীর জন্য মমতা’র প্রথম পর্ব প্রচার হবে আজ (২২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে, বিটিভিতে। এ পর্বের বিষয় ‘প্রাণীদের শেল্টার ও ফস্টার হোম’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সৈয়দা ফারহানা হাসান। আর প্রথম পর্বের অতিথি বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়ার আহ্বায়ক আদনান আজাদ এবং প্রাণীদের শেল্টার প্রতিষ্ঠাতা ফাতিমা ইয়ামন।

এএইচ