পোল্যান্ডের সংবাদ সংস্থা পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) শনিবার জানিয়েছে, মার্ক রুটে বলেছেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি যে ন্যাটো পোল্যান্ডের ভূখণ্ডের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করবে।’
পিএপির প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো মহাসচিব জানান, ইউরোপে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতার প্রতি যেকোনো হুমকি শনাক্ত করতে প্রয়োজনীয় সবকিছুই করবেন এবং দরকার হলে যথাযথ রদবদল আনবেন।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলাকালে ন্যাটোর পূর্ব সীমান্তের দেশগুলোর আকাশসীমায় বারবার ড্রোন ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে পশ্চিমা এই সামরিক জোটের সঙ্গে উত্তেজনা বাড়ছে এবং সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে।
পোল্যান্ডে যখন ইউক্রেনের মিত্রদের নিয়ে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ের সামরিক মহড়া চলছিল, ঠিক তখনই শুক্রবার আকাশসীমায় অনুপ্রবেশের এই ঘটনা ঘটে। পোলিশ কর্মকর্তারা এই সমাপতনকে নিছক কাকতালীয় নয় বলে বর্ণনা করেছেন।
পিএপি শনিবার আরও জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে আলোচনা করতে সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর নর্থ আটলান্টিক কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
ন্যাটোর এই পর্ষদের বৈঠক নিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ লেখেন, ‘অদূর ভবিষ্যতে আমাদের পূর্ব সীমান্তের সুরক্ষা জোরদার করতে আমরা ন্যাটো মিত্রদের কাছ থেকে জোরালো সহায়তা পাব।’
তিনি জানান, এসব পদক্ষেপের বিস্তারিত সমন্বয় করতে তিনি আজ জেনারেল গ্রিনকেউইচের সঙ্গে যোগাযোগ করেছেন।





