এসময় এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ তিনজন নেতা উপস্থিত ছিলেন। অন্য দুজন হলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এর আগে, ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।





