আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় চেয়ারম্যানের সভাপতিত্বে সভা শুরু হয়। বিরতির সময় তিনি জানান, শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাবে নিম্নতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।
২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া বর্তমান মজুরি কাঠামোর পর জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।
এদিকে, বৈঠক চলাকালে ভবনের নিচে অবস্থান নেন শ্রমিকেরা। তাদের অভিযোগ, বৈঠকের আগে দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।





