অধিগ্রহণের জমির বাজারমূল্য নির্ধারণে নতুন নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়
দেশে এখন
0

জমি অধিগ্রহণের ক্ষেত্রে পারিপার্শ্বিক এলাকায় একই শ্রেণির জমি হস্তান্তর না হলে বা বিক্রয়মূল্যের তথ্য পাওয়া না গেলে বাজারমূল্য নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, বসতবাটি ও ভিটি জমির মূল্য নাল জমির চেয়ে ৫০ শতাংশ বেশি এবং চালা ও পুকুরের পাড়ের জমির মূল্য ২৫ শতাংশ বেশি নির্ধারণ করতে হবে।

গত ২২ নভেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বিভিন্ন শ্রেণির জমির বাজারমূল্য নির্ধারণের পদ্ধতি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বসতবাটি, ভিটি ও দোকান শ্রেণির জমির মূল্য নাল বা সমজাতীয় জমির চেয়ে ৫০ শতাংশ বেশি নির্ধারণ করতে হবে। চালা ও পুকুরের পাড়ের জমির মূল্য নির্ধারণ করতে হবে নাল জমির চেয়ে ২৫ শতাংশ বেশি।

অন্যদিকে, চাষযোগ্য পতিত জমির মূল্য হবে নাল বা সমজাতীয় জমির ৫০ শতাংশ। পতিত অচাষযোগ্য জমির মূল্য হবে নাল জমির ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ডোবা ও খালের জমির মূল্য নির্ধারণ করতে হবে নাল জমির ২৫ শতাংশ হিসেবে।

আরও পড়ুন:

এছাড়া হালট ও কাঁচা সড়কের জমির মূল্য নাল বা সমজাতীয় জমির সমান নির্ধারণ করতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭’-এর ৯ ও ১০ ধারা এবং ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬’-এর ২৯ বিধি অনুসরণ করে বাজারমূল্য নির্ধারণ করা সম্ভব না হলে এ নির্দেশনা অনুসরণ করা যাবে।

তবে এ নির্দেশনার আলোকে নির্ধারিত বাজারমূল্য সরকার কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট শ্রেণির সর্বনিম্ন মৌজা মূল্য, যদি থাকে, তার চেয়ে কম করা যাবে না।

ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির শ্রেণি ও মূল্যহার নির্ধারণে সৃষ্ট জটিলতা দূর করে বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া সহজ করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় থেকে জানা গেছে।

এসএস