বিদেশি লিগে খেলতে সুকিকে ছাড়ছে ফর্টিস

সুকি ইতোফুসা
ফুটবল
এখন মাঠে
0

নিজের পারফরম্যান্স আরও শাণিত করতে বাইরের লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুকি ইতোফুসা। দেশের ফুটবলের স্বার্থে সুকির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত ইতিবাচকভাবেই দেখছে ফর্টিস এফসি। চুক্তির বাধ্যবাধকতায় না রেখে এই ফুটবলারকে ছাড়ার কথা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

বাংলাদেশের ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সুকি ইতোফুসা। জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও নিয়মিত ছিলেন আলোচনায়। তবে এবার নতুন ঠিকানার খোঁজে এই ফুটবলার।

দেশের ফুটবল কিংবা ফর্টিস এফসির প্রতি কোনো অসন্তুষ্টি নেই বলে জানান সুকি। বরং আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উন্নত মানের কোনো লিগে খেলে নিজের মান বাড়াতে চান তিনি। এজেন্টের মাধ্যমে চলছে আলোচনা। থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়ার মতো লিগ হতে পারে সম্ভাব্য গন্তব্য।

ফর্টিস এফসি ফুটবলার সুকি ইতোফুসা বলেন, ‘জাতীয় দলে ভালো করতে, নিজের জায়গা শক্ত করতে বাইরের আরো উন্নত লিগে খেলতে চাই। যেন আবার বাংলাদেশের হয়ে মাঠে নেমে জয় উপহার দিতে পারি। এখনো জানি না কোথায় যাব। খোঁজ চলছে। আমার এজেন্ট কথা বলছে।’

সুকির বিদেশযাত্রার ইচ্ছাকে ইতিবাচকভাবেই দেখছে ফর্টিস এফসি। ক্লাবটির কর্মকর্তা শাহীন হাসান জানান, এক বছরের চুক্তি থাকলেও সুকিকে আটকে রাখতে চান না তারা। বরং দেশের ফুটবলের স্বার্থেই বিদেশের ভালো লিগে খেলার সুযোগ করে দিতে আগ্রহী ক্লাবটি।

ফর্টিস এফসি সভাপতি শাহিন হাসান বলেন, ‘ওর যেহেতু হচ্ছে বাইরের কোনো দেশের ফুটবল মানে আমাদের চেয়ে ফাস্ট একটা লিগ হয়। কম্পিটিটিভ কোনো ভালো খেলা, এরকম একটা ভালো লিগে যাইতে যাচ্ছে, হ্যাঁ। যেন স্ট্রংলিভাবে সে আবার বাংলাদেশে এসে খেলতে পারে। লাইক মেবি সে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া এসব জায়গায় ওরে যেহেতু ট্রাই করতেছে। এরকম ভালো একটা লিগে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, যেখানে আমাদের চেয়ে ভালো মানের একটু ফুটবল খেলা হয় ওরকম একটা লিগে যাইতে যাচ্ছে।’

অন্য কোনো ক্লাবের কাছ থেকে সুকিকে খেলানোর প্রস্তাব পায়নি ফর্টিস। এই খেলোয়াড়ের মুখ থেকেই প্রস্তাবের কথা শুনেন তারা। চুক্তির বাধ্যবাধকতায় আটকে না রেখে দেশের ফুটবলারদের বিদেশে খেলার সুযোগ করে দেওয়ার পক্ষেই ফর্টিস।

তিনি বলেন, ‘শুধু সুকীই বলেন, আমার দেশের কোনো প্লেয়ার যদি এভাবে হইত যে মিড সিজন বা যেকোনো সিজনেই দেশের বাইরে অন্য কোনো প্লেয়ারের খেলার অফার আসে আমি সাথে সাথে তাকে রিলিজ দিতাম। কারণ আমি চাইবো আমার একটা দেশের প্লেয়ার যদি বাইরের লিগে যাইয়া খেলতে পারে, এটা আমাদের জন্য একটা প্রাউড প্রাউডের বিষয় যে আমাদের একটা দেশের প্লেয়ার বাইরে একটা লিগে খেলার সুযোগ পেয়েছে।’

মৌসুমের মাঝপথে সুকিকে হারানো ফর্টিসের জন্য নিঃসন্দেহে বড় ক্ষতি। তার বিদায়ে ঘরোয়া ফুটবল কিছুটা হলেও রঙ হারাবে বলে মনে করছেন ক্রীড়া প্রেমীরা।

এফএস