৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

একটি দোকানে তদারকি অভিযান চালাচ্ছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা
দেশে এখন
0

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার, ২৫ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৩৯টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তর জানায়, অভিযানে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়গুলো তদারকি করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি এবং হোটেল-রেস্তোরাঁয় অনিয়ম প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এসময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন ও সঠিক ওজন নিশ্চিত করতে সতর্ক করা হয়।

অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এতে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা, কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পাশাপাশি পণ্য কেনার সময় সঠিক ওজন নিশ্চিত করা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

পণ্য কেনাকাটায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এএম