জানুয়ারি থেকে নভেম্বর নিজেদের অর্জিত শিরোপার উৎসব করেও অস্বস্তি নিয়ে দিন পার করেছিলেন সেনেগালের ফুটবল ভক্তরা। অবশেষে সেই দুঃসময়ের ইতি ঘটেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে।
সুইজারল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কোর্ট অফ অ্যাট্রিবিউশন ফর স্পোর্টস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যায়সঙ্গত কারণেই আফ্রিকান কাপ অফ নেশনস-এ চ্যাম্পিয়ন থাকছে সেনেগাল। রেফারির বাঁশির ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিএএস-এর প্রধান।
কোর্ট অফ অ্যাট্রিবিউশন ফর স্পোর্টসের (সিএএস) সভাপতি ম্যাথিউ রিব বলেন, ‘১০৯ মিনিটে রেফারির বাঁশি প্রমাণ করে, ম্যাচ চালিয়ে যাওয়ার সব শর্তই পূরণ হয়েছিল। দুই দলই মাঠে ফিরে এসে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। সিএএস প্যানেলের মতে রেফারির এই সিদ্ধান্ত পুরোপুরি খেলার নিয়মের মধ্যেই পড়ে। আর এটা রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। এর অর্থ, আফকন ২০২৫ এর ফাইনালে মাঠের ফলাফলই চূড়ান্ত। সেনেগাল ১-০ গোলে জয়ী। আর এই ট্রফি সেনেগালের কাছেই থাকবে।’
আরও পড়ুন:
মূলত রেফারির খেলা শেষের বাঁশি না বাজানোকেই রায়ের মূল ভিত্তি হিসেবে দেখছে ক্রীড়াঙ্গনের আন্তর্জাতিক এই আদালত। খেলা বন্ধের পর দুই দলের মাঠের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকেও সম্মান জানানো হয়েছে আন্তর্জাতিক এই সংস্থার পক্ষ থেকে। মরক্কোকে তিন-শূন্য গোলে বিজয় করার ঘোষণাকে ভুল বলে উল্লেখ করেছে সিএএস।
এদিকে আদালতের রায়ের মাধ্যমে শিরোপা ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেনেগালের জনগণ। কেউ কেউ বলছেন মাঠের ফলাফলই চূড়ান্ত বিবেচিত হওয়া উচিত ছিল শুরু থেকেই। আবার কারও কারও মত, শিরোপা প্যারেট আরেকবার আয়োজন করা যেতে পারে ডাকারে রাস্তায়।
সেনেগালের স্থানীয় একজন বলেন, ‘এই সিদ্ধান্ত সেনেগালের প্রাপ্য ছিল। আমরা ন্যায্যভাবে এই সিদ্ধান্ত নিজেদের পক্ষে পেয়েছি। চাপ নেয়ার কোনো কারণ ছিল না। আমাদের ভয়ের কোনো কারণ ছিল না। কারণ আমরা জানি, যাই হোক না কেন, আমরাই চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর আমরাই চ্যাম্পিয়ন থাকবো।’
তবে আদালতের এই রায়ের পর এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল, সিএএফ।





