নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা: মূলহোতা ডেভিডসহ গ্রেপ্তার ৬, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ
গ্রেপ্তার হওয়া আসামিরা
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় আলোচিত মাদককারবারি আব্দুল্লাহ ও মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

জেলা পুলিশের পক্ষ থেকে আজ (বুধবার, ২৫ নভেম্বর) রাতে জানানো হয়, গত রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এসময় একদল মাদককারবারি তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এএসআই সাত্তার পালিয়ে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আনোয়ার মোল্লা।

হত্যাকাণ্ডের পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। অভিযানে মুন্সিগঞ্জ সদর থেকে আব্দুল্লাহ এবং নারায়ণগঞ্জের দেওভোগ ও তাসলিম পট্টি এলাকা থেকে সামাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। এসময় তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ডেভিডের ডান পায়ে লাগে। ককটেলের আঘাতে পুলিশের চার সামান্য আহত হন।

গ্রেপ্তার অন্য দু’জন হলেন—জাবেদ কায়সার আজাদ ও আদর। অভিযানে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এসএস