এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, বাংলাদেশ, চীন ও ভারত ছাড়াও নতুন এই শুল্ক প্রস্তাবের তালিকায় রয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে গত মার্চে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ১৬টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অসম বাণিজ্য রীতির অভিযোগে তদন্ত শুরু করেছিল ইউএসটিআর। তবে তদন্তের আওতায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর কোনো শুল্ক প্রস্তাব করা হয়নি এবং মঙ্গলবার দেশ দুটির বিষয়ে কোনো প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন সিদ্ধান্তে পৌঁছেছে যে এসব বাণিজ্য অংশীদার বিভিন্ন অযৌক্তিক পদক্ষেপ, নীতি ও চর্চার মাধ্যমে উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা তৈরি বা বজায় রাখছে, যা মার্কিন বাণিজ্যের ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে এবং তা সংকুচিত করছে। ইউএসটিআরের সংজ্ঞা অনুযায়ী, চাহিদা ও বাজার নীতির বাস্তবতাকে উপেক্ষা করে শিল্পনীতি, ভর্তুকি এবং অ-বাজার অর্থনীতির দেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোই হলো কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা। প্রশাসনের কর্মকর্তাদের দাবি, দেশগুলো বাজার চাহিদার চেয়ে বেশি ঘরোয়া শিল্প উৎপাদনকে সহায়তা দেয়ায় সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হয়ে যাচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্রের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্টিল থেকে শুরু করে বিদ্যুৎচালিত গাড়ি ও সৌরবিদ্যুৎ সামগ্রীর মতো সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব করার পেছনে চীনকে সবচেয়ে বড় উৎস হিসেবে দায়ী করছে ওয়াশিংটন।
প্রস্তাবিত এই শুল্কের মধ্যে সবচেয়ে বেশি ২০ শতাংশ হারের মুখে পড়বে চীন। এটি ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের নির্দিষ্ট কিছু প্রযুক্তি ও শিল্পপণ্যের ওপর আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে। এর ফলে ভিয়েতনামের জন্য প্রস্তাবিত ২০ শতাংশ শুল্কহারের চেয়ে চীনের মোট শুল্কের মাত্রা বেশিই থাকবে। তবে জবরদস্তিমূলক শ্রমবিরোধী আইন বাস্তবায়নে শৈথিল্যের অভিযোগে গত জুলাইয়ে এই ১৬টি দেশসহ মোট ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর যে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার ওপর নতুন এই শুল্ক যুক্ত হবে না। নতুন প্রস্তাবিত শুল্কহার বেশি হলে তা আগের শ্রম-সংক্রান্ত শুল্ককে প্রতিস্থাপন করবে। অবশ্য শ্রম-সংক্রান্ত ওই শুল্কের বিরুদ্ধে করা একটি আইনি চ্যালেঞ্জ বর্তমানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে বিচারাধীন রয়েছে।
ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে হওয়া বাণিজ্য চুক্তির নির্ধারিত শুল্কসীমা নতুন শুল্কের ক্ষেত্রে অতিক্রম করা হবে না এবং আগের কিছু শুল্কের ওপরও এটি নতুন করে চাপানো হবে না। ফলে অনেক দেশের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের খরচ খুব একটা বাড়বে না বলে ধারণা করা হচ্ছে। চুক্তির আওতায় ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা নির্ধারিত রয়েছে। এছাড়া বেইজিংয়ের সঙ্গে এক বছর ধরে চলা বাণিজ্য বিরতির আওতায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনের ওপর শুল্কের সর্বোচ্চ সীমা ২০ শতাংশে নির্ধারিত রয়েছে, যার মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় প্রক্রিয়ার আওতায় শুল্ক কমানোর বিবেচনায় থাকা প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা আমদানি পণ্যের ওপরও এই নতুন শুল্ক কার্যকর হবে না। এছাড়া তেল-গ্যাসের মতো জ্বালানি পণ্য, যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না এমন খাদ্যশস্য, গুরুত্বপূর্ণ খনিজ, সার এবং নির্দিষ্ট কিছু সেমিকন্ডাক্টর চিপ ও ওষুধকে প্রস্তাবিত শুল্কের আওতা থেকে ছাড় দেয়া হয়েছে।
কার্যকর করার আগে প্রস্তাবিত শুল্কের বিষয়ে জনমত গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। এর ফলে শুল্ক বাস্তবায়নের প্রক্রিয়া আগামী জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। তিনি জানান, এই সময়ে যেসব দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে তাদের শুল্কহার কমতে পারে, আর যারা সাড়া দেবে না তাদের ক্ষেত্রে এই হার আরও বাড়তে পারে।
সম্প্রতি এশিয়া সফর শেষে ট্রাম্পের দেশে ফেরার কয়েক দিনের মাথায় নতুন এই শুল্কের ঘোষণা এল। গত সপ্তাহে ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকটিকে ‘সত্যিই দারুণ’ বলে অভিহিত করেছেন ওই মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা জানি তারা (চীন) এসব পদক্ষেপ পছন্দ করে না, তবে আমরা চীনাদের সঙ্গে স্থিতিশীলতা চাই। চীনও আমাদের সঙ্গে স্থিতিশীলতা চায়।’ চলতি বছরের শুরুতে বেইজিংয়ের সঙ্গে হওয়া একটি বাণিজ্য চুক্তি বাস্তবায়নে কাজ করছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় বিরল খনিজ রপ্তানি এবং কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি পূরণে চীনকে চাপ দেয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, চীন এখনো সেই চুক্তি পুরোপুরি মানেনি। চুক্তিটি মেনে চলতে চীনকে চাপে রাখার কৌশল হিসেবে ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আলোচনা না থাকলে চীনের ওপর শুল্কের হার ৪০ শতাংশের কাছাকাছি হওয়া উচিত।
অন্যদিকে বেইজিং আগে থেকেই বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করে আসছে। দেশটি অতিরিক্ত সক্ষমতার ধারণাটি প্রত্যাখ্যান করলেও পাল্টা পদক্ষেপের কোনো হুমকি দেয়নি। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘তথাকথিত অতিরিক্ত সক্ষমতা একটি ভুয়া ইস্যু এবং রাজনৈতিক কারসাজির অজুহাত হিসেবে এটি ব্যবহারের বিরোধিতা করে চীন।’
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়ার পর থেকেই তা পুনর্গঠনের পরিকল্পনা করছিলেন ট্রাম্প। গত বছরের এপ্রিলে ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের (আইইইপিএ) জরুরি ক্ষমতা ব্যবহার করে প্রায় এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। তখন সব আমদানি পণ্যে ১০ শতাংশ এবং ৬০টি দেশের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হয়েছিল। ঘরোয়া মূল্যস্ফীতি বাড়লেও তখন ২০টির বেশি বাণিজ্য অংশীদার মার্কিন পণ্যের জন্য বাজার উন্মুক্ত করতে বা বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছিল। সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ওই আইনের অধীনে ঢালাও শুল্ক আরোপের এখতিয়ার নেই বলে রায় দিলে ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা ব্যবহার করে ব্যাপক শুল্ক আরোপ করেন, যার মেয়াদ ১৫০ দিন পর শেষ হয়ে যায়। এরপর আইনের ৩০১ ধারার অধীনে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং জবরদস্তিমূলক শ্রম নিয়ে দুটি পৃথক তদন্ত শুরু করে প্রশাসন। ৩০১ ধারার শুল্কের মেয়াদ চার বছর হলেও তা নবায়ন করা যায়।
বাণিজ্য ঘাটতি কমানো এবং যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও উৎপাদন ফিরিয়ে আনতে শুল্ককেই নিজের বাণিজ্যনীতির মূল ভিত্তি করেছেন ট্রাম্প। ট্রাম্পের বাণিজ্য কর্মকর্তা এবং আগের ডেমোক্র্যাট প্রশাসনও অতিরিক্ত উৎপাদন সক্ষমতাকে বড় সমস্যা হিসেবে দেখেছে। ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা এবং আইনি প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যাল্ডিংয়ের অংশীদার রায়ান মাজেরুস বলেন, নতুন এই করগুলোই ট্রাম্পের সব শুল্কের মূল চালিকাশক্তি। তিনি বলেন, ‘অতিরিক্ত সক্ষমতা নিয়ে এটিই তাদের সবচেয়ে বড় শুল্ক ঘোষণা হতে যাচ্ছে। প্রশাসনের আশা, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও এই পদক্ষেপটি টিকে থাকবে।’
এদিকে নতুন বাণিজ্য বাধার আশঙ্কায় বুধবার বৈশ্বিক শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। প্রযুক্তি খাতের শেয়ারের চাঙাভাব কমে আসায় বিশ্বজুড়ে শেয়ারবাজারের সূচক এমএসসিআই শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকেরা লিখেছেন, ‘এটি আবারও মনে করিয়ে দিচ্ছে যে শুল্কের আইনি যৌক্তিকতা বারবার বদলালেও মার্কিন রক্ষণশীল বাণিজ্যনীতি থেকে বেরিয়ে আসা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।’
যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বাড়ার পেছনে ট্রাম্পের শুল্ক ভূমিকা রেখেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর পরিচালিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা এই শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের তিন সপ্তাহ পর এই শুল্কের ঘোষণা এল। শুল্কের কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে নির্বাচনি প্রচারণায় বড় ইস্যু করেছিল ডেমোক্র্যাটরা এবং তা বাতিলেরও প্রতিশ্রুতি দিয়েছিল। বামপন্থি গবেষণাপ্রতিষ্ঠান গ্রাউন্ডওয়ার্ক কোলাবোরেটিভের নীতি ও অ্যাডভোকেসি প্রধান অ্যালেক্স জ্যাকুয়েজ এক বিবৃতিতে বলেন, ‘শুল্কের এই নতুন ধাক্কা খরচ কমাবে না, কর্মসংস্থান দেশে ফিরিয়ে আনবে না কিংবা যুক্তরাষ্ট্রে উৎপাদনও বাড়াবে না। উল্টো এটি নড়বড়ে অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করবে এবং পরিবারগুলোর খরচ আরও বাড়িয়ে দেবে।’
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরের জন্য কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। তবে বাণিজ্যনীতি পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে এখনো ব্যাপক ক্ষমতা রয়েছে। কংগ্রেস নতুন আইন পাস করে এই ক্ষমতা সীমিত করার চেষ্টা করলেও ট্রাম্প তাতে নিশ্চিতভাবেই ভেটো দেবেন। আর প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা বাতিল করতে প্রতিনিধি পরিষদে ২৯০টি এবং সিনেটে ৬৭টি ভোটের যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তা পাওয়া কঠিন। তাছাড়া কিছু শুল্কের বিষয়ে উভয় দলেরই সমর্থন রয়েছে; যেমন বাইডেনও ট্রাম্পের প্রথম মেয়াদের অনেক শুল্ক বহাল রেখেছিলেন।
সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা ও বেকার ম্যাকেঞ্জির অংশীদার নাথানিয়েল হালভরসন বলেন, বাণিজ্যনীতি পুরোপুরি দলীয় রেখা মেনে চলে না। তিনি বলেন, ‘যেকোনো বাণিজ্যিক নীতি গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের পারিপার্শ্বিক ক্ষতির ঝুঁকি থাকে। এ কারণেই কংগ্রেস এই ব্যয়বহুল রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেয়ার ভার নির্বাহী বিভাগের ওপর ছেড়ে দিতে চায়। নতুন কংগ্রেস এলেও এতে কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না।’
—রয়টার্স, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে অবলম্বনে





