খুলনায় আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আর্মি সার্ভিস কোরের ৪৫তম অধিনায়ক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান
দেশে এখন
0

খুলনার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) আর্মি সার্ভিস কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ নভেম্বর) দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় তিনি মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহিদের প্রতি শ্রদ্ধা জানান।

বক্তব্যে সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখার ওপর জোর দেন। একই সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় নিয়ে আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া উপস্থিত সব অধিনায়ক ও কর্মকর্তাকে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনসহ আধুনিক সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

পাশাপাশি সেনাবাহিনী প্রধান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ এবং মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদের উদ্বোধন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় সেনাপ্রধান আশা প্রকাশ করেন, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এএম