প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে আয়োজিত এই দুই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনির-উজ-জামান ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহীন রেজাসহ বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদলের নেতারা। পরে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মিলন চত্বরে পৃথক কর্মসূচি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি, সোসাইটি অব মেডিসিনের সদস্যসচিব অধ্যাপক ডা. জাকারিয়া আল আজিজ, ওজিএসবির মহাসচিব ডা. এফ এম এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
কর্মসূচিতে সাংবাদিকদের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। ঢাকা শহরের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ উল্লেখ করে তিনি বলেন, বায়ুদূষণের কারণে হাঁপানি, সিওপিডি, ফুসফুসের ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। তাই বৃক্ষরোপণকে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
অধ্যাপক রফিকূল ইসলাম জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে দেশের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে গাছের পরিচর্যার জন্য নির্দিষ্ট কমিটি থাকার ওপর জোর দেন তিনি। এ সময় পরিবেশ সংরক্ষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ২০০৪-২০০৫ সালে তারেক রহমানের উদ্যোগে শুধু ঢাকা শহরেই প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালকে নির্মল বাতাস ও সবুজ পরিবেশের দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে ডা. রফিকূল ইসলাম বলেন, ‘আমরা শুধু গাছ লাগাতে চাই না, আমরা একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই। আমরা শুধু সবুজায়ন করতে চাই না, আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করতে চাই। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’





