বিজিবি জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এসময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত বিভিন্ন স্থানে অথবা কারাগারে তাদের আটক রাখা হয়।
আটক জেলেদের পরিবারের দুর্ভোগ ও মানবিক দিক বিবেচনায় বিজিবির উদ্যোগে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরাকান আর্মির কাছ থেকে ৪১ জন জেলেকে গ্রহণ করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
ফেরত আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:
বিজিবির তথ্যমতে, বৃহস্পতিবার ফেরত আনা ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন বাংলাদেশি জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী
বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। মানবিক সংকট মোকাবিলায় পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবে।’





