যোগ্য ও দক্ষরা রাজনীতিতে আসতে চান না: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
দেশে এখন
0

যোগ্য ও দক্ষরা রাজনীতিতে আসতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদকে অধিকতর দক্ষ এবং কার্যকরভাবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারবে দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না।’

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) গুলশানের দি সিক্স সিজনস হোটেলে ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেইড মোর এফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘দেশের যোগ্য ও দক্ষ নাগরিকসহ তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং বিভিন্ন সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে বলেন, ‘বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক এবং ডামি নির্বাচন করা হয়েছে।’

এসময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতীয় সংসদ সচিবালয়কে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও আমাদের নতুন করে ভাবতে হবে এবং এর সংশোধন নিয়ে আলোচনা করতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।’

কায়সার কামাল বলেন, ‘বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর সংসদ। অনেক ত্যাগ ও সংগ্রামের পরে আমরা আজকের এই সংসদ পেয়েছি। এখানে সরকারি এবং বিরোধীদল একসঙ্গে মিলেমিশে কাজ করার জন্য চমৎকার পরিবেশ রয়েছে। এখনই উপযুক্ত সময় এ সংসদকে সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলা। দিনশেষে এ দেশটা আমাদের এবং আমাদের দেশটাকে সবাই মিলেই গড়ে তুলতে হবে।’

এ দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারসহ প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে মো. সাইফুল আলম এমপি, ফাহিমা নাসরিন এমপি এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি এমপিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান এ্যাম্বাসির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

ঢাকার দ্য রয়্যাল নরওয়েজিয়ান এ্যাম্বাসি’র সহায়তায় ঢাকা ট্রিবিউন এ সেমিনারের আয়োজন করে।

এসএইচ