কক্সবাজারে মাদকের বিরুদ্ধে ৩০০ শিক্ষার্থীর লাল কার্ড

কক্সবাজার সৈকতে মাদক ও অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
দেশে এখন
0

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এবং ইউনিলিংক এডুকেশনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে ইউনিলিংক এডুকেশনের শিক্ষার্থীরা মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে। পরে মাদক ও কিশোর অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

ইউনিলিংক এডুকেশনের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন খান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, নারী উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন, সংগঠনের প্রচার সম্পাদক সালমান সাজিল এবং সদস্য আরমান হাসান রিয়াদ।

সভায় কাওসার আলম সোহেল বলেন, কক্সবাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। অনেক শিক্ষার্থী জীবনে প্রথমবার বন্ধুদের সঙ্গে এখানে বেড়াতে এসে আনন্দ-উচ্ছ্বাসের ছলে মাদকের সংস্পর্শে আসে। শখের বশে শুরু হওয়া এমন অভ্যাস একসময় আসক্তির ঝুঁকি তৈরি করতে পারে। তাই দেশের পর্যটনকেন্দ্রগুলো মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বিনোদনের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে মো. নাছির উদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে শিক্ষার্থীরা মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অন্যদেরও সচেতন করার অঙ্গীকার করে।

এএম