বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এবার বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অলিম্পিক আয়োজনের স্বপ্নে বিভোর। বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের সামনে নিজেদের সক্ষমতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।
ভার্চুয়াল এই উপস্থাপনায় মনোযোগের কেন্দ্রে ছিল গুজরাটের আহমেদাবাদ শহর। এর আগে এই শহরেই হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এবার সেখানেই অলিম্পিকের আসর বসানোর ভাবনা। ভার্চুয়াল এই বৈঠকে নিজেদের পরিকল্পনা তুলে ধরার পর পরবর্তী ধাপে যাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রধান রাঘুরাম আইয়ার।
তিনি বলেন, ‘উপস্থিত সবাই আমাদের উপস্থাপনায় খুশি ছিলো। আমি মনে করি আমরা বেশ ভালোভাবেই নিজেদের দাবি তুলে ধরেছি এবং পরবর্তী ধাপে যাওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী।’
২০৩০ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। মূলত সেই আসরের জন্য তৈরি হওয়া ভেন্যু ও অবকাঠামোগুলোকেই ২০৩৬ অলিম্পিকের জন্য ব্যবহারের পরিকল্পনা সাজিয়েছে ভারত। পাশাপাশি ২০৩৮ এশিয়ান গেমস আয়োজনের জন্যও লড়ছে শহরটি। তবে এতো বড় আয়োজনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পূর্ণ সমর্থন যে অপরিহার্য, তাও স্বীকার করেছেন আইওএ প্রধান।
তিনি আরও বলেন, ‘যখন কোনো দেশ অলিম্পিকের মতো বিশাল কিছুর জন্য বিড করে, তখন শুধু অলিম্পিক কমিটি নয়—সংশ্লিষ্ট শহর, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন প্রয়োজন হয়। আমাদের ক্ষেত্রে আহমেদাবাদ ও গুজরাট রাজ্য পূর্ণ সমর্থন দিচ্ছে।’
আয়োজক হওয়ার লড়াইয়ে ভারতের সামনে পথটা মোটেও সহজ নয়। জার্মানি, কাতার, হাঙ্গেরি, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদের। এছাড়া ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসের অব্যবস্থাপনা ও দুর্নীতির পুরনো অভিযোগ এবং অ্যাথলেটদের ডোপিং রেকর্ড ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া অলিম্পিকে ভারতীয় ক্রীড়াদিদের সাফল্যের হারও তুলনামূলকভাবে সীমিত।
আগামী ২০২৭ সালের মার্চে শুরু হবে বাছাইয়ের প্রাথমিক আলোচনা। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পর ঘোষণা করা হবে ২০৩৬ অলিম্পিকের চূড়ান্ত আয়োজক দেশের নাম।





