২৫ পরিচালককে নিয়ে বিসিবির সভা; একাধিক পদে রদবদলের সম্ভাবনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেট
এখন মাঠে
0

মাস দুয়েক পর আবারও বিসিবিতে নিয়মিত সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২৫ পরিচালক। আজ (শনিবার, ২৮ নভেম্বর) দুপুরে আলোচনায় বসছেন দেশের ক্রিকেটের শীর্ষ কর্তারা। কোচ ফিল সিমন্সের চুক্তিসহ বেশ কিছু বড় ইস্যুতে আলোচনা হতে পারে এই সভায়। সেইসঙ্গে রদবদল হতে পারে একাধিক পরিচালকের পদে।

মাঠে বা মাঠের বাইরে. কোনো আলোচনাতেই যেন স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরুষ দলের পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে, এক পরিচালকের বিরুদ্ধে হয়েছে বিক্ষোভ। আবার নারী ক্রিকেটে যৌন কেলেঙ্কারির খবর আবারও সামনে।

এসব ব্যস্ততার মাঝেই শনিবার বিসিবিতে নিয়মিত সভায় বসছেন বিসিবির পরিচালকরা। তবে, নামে নিয়মিত হলেও এবারের আলোচনায় থাকছে বড় কিছু ইস্যু। বিসিবির ভেতরের খবর, কোচ ইস্যুতে আলোচনার জোর সম্ভাবনা আছে। পরিচালকদের দায়িত্বের দিক থেকেও আসতে পারে পরিবর্তন ।

দায়িত্ব প্রাপ্তির পর থেকেই ক্রিকেট অপারেশন্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাছেই রেখেছেন তামিম ইকবাল। এবার সেটা ছাড়তে যাচ্ছেন তিনি। বোর্ডের সহ-সভাপতি এবং গুরুত্বপূর্ণ সদস্য ফাহিম সিনহা আসছেন বড় এই পদে। সেইসঙ্গে আসছেন একজন ডেপুটিও। ক্রিকেট অপারেশনের ভাইস চেয়ারম্যান হতে পারেন মিনহাজুল আবেদীন নান্নু।

তবে, দপ্তর বিষয়ক এসব আলোচনার বাইরে সবচেয়ে বড় ইস্যু কোচ নিয়ে। হেড কোচ ফিল সিমন্সের জায়গা আপাতত নড়বড়ে। বিশ্বকাপের ৯ মাস আগে নতুন কোচ আসতে পারে শান্ত-লিটনদের জন্য। এমন আভাস কদিন আগেই দিয়ে রেখেছেন তামিম ইকবাল। কোচের বদল নিয়েও হতে পারে আলোচনা। নতুন কোচ নিয়েও আছে গুঞ্জন। যে তালিকায় আফগানিস্তানের সাবেক কোচ জোনাথন ট্রটের নামও আছে।

সাম্প্রতিক ব্যর্থতার কারণে আলোচনায় হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলও। কিছুদিন ধরেই নির্বাচকদের নিয়ে সন্তুষ্ট না বিসিবি। প্রধান নির্বাচকের জায়গায় সাবেক অধিনায়ক বাশারের টিকে থাকা বা না থাকার আলোচনাও আসতে পারে বোর্ড সভায়। এছাড়া নারী ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ এবং ক্রিকেট অ্যাকাডেমি বিষয়ক আলোচনাও থাকছে বিসিবির এজেন্ডায়।

জেআর