উরোপা লিগে দুই ম্যাচ ঘিরে সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১১

ম্যাচ ঘিরে সমর্থকদের সংঘর্ষ
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপা লিগে গতকাল (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) রাতে ফুটবলের মাঠ ছাপিয়ে উত্তেজনা ছড়ালো গ্যালারিতে। জর্জিয়ায় বেসিকতাস ও ইসরাইলের হাপোয়েল বেয়ার শেভার ম্যাচে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তুর্কি সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ মিনিট বন্ধ রাখতে হয় খেলা। একই রাতে ফ্রান্সে মার্শেই ও লেভস্কি সোফিয়ার সমর্থকদের সংঘর্ষে আহত হন অন্তত ১১ জন।

জাতিগত দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই ঘরের মাঠে ইসরায়েলি কোনো দলের বিপক্ষে ফুটবল খেলছে না তুরস্কের ক্লাবগুলো। অলিখিত রীতি মেনেই ইউরোপা লিগে তুরস্কের বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বীরশেভা ম্যাচের ভেন্যু করা হয় জর্জিয়ার বাতুমি। সেখানেও ঘটেছে অপ্রীতিকর ঘটনা।

ম্যাচ শুরুর আগে বাতুমির রাস্তায় ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করেন বেসিকতাস সমর্থকরা। গ্যালারিতে ফিলিস্তিনের পক্ষেও স্লোগান দেন সমর্থকরা। এদিকে খেলা শুরুর আগে করমর্দন করেননি দুই দলের খেলোয়াড়রা। এমন উত্তেজনার মাঝে ম্যাচের ২১ মিনিটে বেসিকতাস মিডফিল্ডার সালিহ ওজচান ও হাপোয়েল কোচ রন কোজুকের মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয় দুই দলের ডাগআউট।

উত্তেজনা দ্রুতই পরিস্থিতি ছড়িয়ে পড়ে গ্যালারিতে। আসন ভাঙচুরের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্যালারিতে পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। ম্যাচের ২৬ মিনিটে খেলা বন্ধ করে দুই দলকে ড্রেসিংরুমে পাঠান রেফারি মর্টেন ক্রগ। আহত কয়েকজন সমর্থককে স্ট্রেচারে করে বের করা হয়। ৩০ মিনিট বিরতির পর আবার খেলা শুরু হলে ২-১ গোলে জয় পায় বেসিকতাস।

একই রাতে ফ্রান্সে ইউরোপা লিগের আরেক ম্যাচে সংঘর্ষে জড়িয়েছেন মার্শেই ও লেভস্কি সোফিয়ার সমর্থকরা। ম্যাচ শুরুর মিনিট দশেক আগে মার্সেইয়ের বেশ কয়েকজন সমর্থক নিজেদের গ্যালারি থেকে বেরিয়ে বুলগেরিয়ান সমর্থকদের দিকে ধেয়ে যান। সেখানে সোফিয়ার সমর্থকদের ওপর অতর্কিত আক্রমণে ১১ জন আহত হয়, হাসপাতালে নেয়া হয় পাঁচজনকে।

ঠিক কি কারণে দুই দলের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফরাসি পুলিশ। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ১-০ ব্যবধানে জয় পেয়েছে মার্শেই।

জেআর