শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি কাল

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেবিচক চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক
দেশে এখন
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।

আজ (রোববার, ২৯ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বেবিচকের সব সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এই চুক্তি হতে যাচ্ছে। এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা এবং প্রয়োজনীয় আইনগত যাচাই-বাছাই (ভেটিং) সম্পন্ন হয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

চুক্তির শর্ত অনুযায়ী, বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হওয়ার তারিখ থেকে ১৫ বছরের মেয়াদ কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইট বাড়িয়ে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। চুক্তির মেয়াদকালে যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালু করার পাশাপাশি যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর সম্প্রসারণমূলক কাজও করবে প্রতিষ্ঠানটি। পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পর সব নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনাল এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালের মাধ্যমে পরিচালিত হবে। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ এবং অন্যান্য অনির্ধারিত ফ্লাইট পরিচালনায় ব্যবহার করতে পারবে বেবিচক।

টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেয়া হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং দোকান, লাউঞ্জ, বহুতল পার্কিং ও বিজ্ঞাপন ভাড়ার মতো নন-এরোনটিক্যাল আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত বা প্রকৃত তারিখের মধ্যে যেটি আগে হবে, সেই দিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এসব গ্রাউন্ড হ্যান্ডলিং ও সেলফ হ্যান্ডলিং প্রতিষ্ঠান পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে। এছাড়া কার্গো হ্যান্ডলিং সেবার জন্য প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে ন্যূনতম সেবার মান এবং প্রধান কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। এর আওতায় পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, লিফট ও এসকেলেটরের সচলতা, চেক-ইন, ব্যাগেজ সরবরাহ, কার্গো হ্যান্ডলিং ও গাড়ি পার্কিংয়ের মান বজায় রাখতে হবে। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

চেক-ইন কাউন্টারের সারিতে গড় অপেক্ষার সময় বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার মানদণ্ড রাখা হয়েছে। পাশাপাশি ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (সিইউটিই), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (সিইউএসএস) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (এফআইডিএস) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৮ অথবা ৯৫ শতাংশ সময় সচল রাখতে হবে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেয়ার সক্ষমতা রয়েছে। এখানে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয়সহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে। এছাড়া আগমনী যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট, মুভিং ওয়াকওয়ে, এসকেলেটর ও লিফট রাখা হয়েছে।

উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য টার্মিনালে ১২টি কন্টাক্ট বোর্ডিং ও ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর ও ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র (ইটিডি) রাখা হয়েছে। পাশাপাশি বহুতল পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।

আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বাড়াতে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল ও ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন এসব টার্মিনালে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানিসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এর ফলে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বাড়বে।

তৃতীয় টার্মিনালের আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগের প্রসারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বেবিচক চেয়ারম্যান। দেশের এভিয়েশন খাতের উন্নয়নে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনের শেষে বেবিচক চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এএম