আজ (রোববার, ২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক অভিপ্রায় থাকলে এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বীকার করেন, প্রত্যর্পণ একটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, যা দুই দেশের মধ্যকার চুক্তি এবং নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়।
তিনি বলেন, এ ধরনের প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা ও আইনি বাধ্যবাধকতা জড়িত থাকায় সাধারণত কিছুটা সময় লাগে।
শামা ওবায়েদ বলেন, ‘দুই দেশের মধ্যে প্রত্যর্পণ একটি প্রত্যর্পণ চুক্তির আওতায় পরিচালিত হয়। এতে আমলাতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে, তা আমরা স্বীকার করি।’ তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ভারত সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুততর করতে পারে বলে মন্তব্য করেন শামা ওবায়েদ।
বাংলাদেশের অনিষ্পন্ন প্রত্যর্পণ অনুরোধগুলো এগিয়ে নিতে নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
আরেকটি প্রত্যর্পণ-সংশ্লিষ্ট মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘হাদি হত্যার জন্য দায়ীদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে চাই আমরা।’
ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে- এমন দণ্ডিত পলাতকদেরও ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ভারতে পলাতক রয়েছেন, তাদেরও বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।’
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ ব্যবস্থার আওতায় জবাবদিহি নিশ্চিত করতে ভারত সহযোগিতা করবে বলে বাংলাদেশ সরকার প্রত্যাশা করে—এ কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা আশা করি, ভারত এ প্রক্রিয়া এগিয়ে নেবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করবে।’





