আজ (রোববার, ২৯ নভেম্বর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহার সূত্রে জানা গেছে, পটুয়াখালী দুদক কার্যালয়ে জমা দেয়া তথ্যে জাহাঙ্গীর কবির তার মোট ২ কোটি ৯০ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকার আয়ের বিবরণ দেন, যেখানে ব্যয় উল্লেখ করা হয় ৩৫ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা।
এ তথ্যের ভিত্তিতে দুদকের অনুসন্ধানে দায়-দেনা বাদে তার নামে ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে বৈধ আয়ের উৎস থেকে তার সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করা হয় ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬২৩ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, বৈধ সঞ্চয়ের তুলনায় তার সম্পদের পরিমাণ ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকা বেশি। এই অতিরিক্ত সম্পদের পক্ষে বৈধ আয়ের উৎসের সন্তোষজনক প্রমাণ তিনি দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখার অভিযোগেই মামলাটি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে বৈধ আয়বহির্ভূত ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার সম্পদ পাওয়া গেছে। এই আয়ের পক্ষে তিনি উপযুক্ত ও বৈধ কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাই তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।





