ফের পাঁচ মাস পেছালো এসএ গেমস; হতাশ বাংলাদেশের ফেডারেশন ও কোচরা

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের কোচ ডালিয়া আক্তার
অন্য সব খেলা
এখন মাঠে
0

আবারও পেছালো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর এসএ গেমস। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলের পরিবর্তে নতুন সূচি অনুযায়ী মাঠে গড়াবে ২০২৭ সালের সেপ্টেম্বরে। দফায় দফায় সময় পেছানোয় হতাশ আসরের ইভেন্টে অংশগ্রহণ করা বাংলাদেশের ফেডারেশনগুলো।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আসর এসএ গেমস আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। নিয়ম অনুযায়ী চার বছর পর পর এসএ গেমস হওয়ার কথা থাকলেও ২০১৯ সালের পর মাঠেই গড়ায়নি এই আসর। ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে একাধিকবার সূচি পরিবর্তনে পেছায় এসএ গেমস। সবশেষ ২০২৭ সালে এপ্রিলে হওয়ার কথা থাকলেও আবারও পাঁচ মাস পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নতুন সময় নির্ধারণ করা হয়। বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

একই সময়ে সৌদি আরবের রিয়াদে এশিয়ান মার্শাল আর্ট ইনডোর গেমস অনুষ্ঠিত হওয়ায় দুই আসরে অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। তাতে গেমসে অংশগ্রহণ করতে নিজেদের প্রস্তুত করা দেশের খেলোয়াড়দের হতাশা দিন দিন বাড়ছে। এত বড় আসরের সময় পেছানোর জন্য এই ব্যাখ্যা যৌক্তিক নয় বলে মনে করেন বাংলাদেশের ফেডারেশনের কর্তা এবং কোচরা।

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের কোচ ডালিয়া আক্তার বলেন, ‘২৩ সাল থেকে এই পর্যন্ত বারবার পিছিয়েছে, হয়নি। ২৬ চলে যাচ্ছে, ২৭-ও চলে যাবে কি না, উই ডোন্ট নো। সো অবশ্যই হতাশাজনক।’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য লায়লা নূর বলেন, ‘যে বারে বারে পিছাচ্ছে, পিছালে কী হয়? বাজেট ইস্যু হয়ে যায়, কোচের একটা সমস্যা হয়ে যায়। তারপরে হচ্ছে, কারণ একটা কোচের যে আমাদের যে বিভিন্ন স্টেজগুলো আছে, সেই স্টেজগুলো কভার করা যায় না।’

এদিকে দেশের নারী হ্যান্ডবলের জন্য বিষয়টি আরও দুঃখজনক। সম্প্রতি ভিসা জটিলতার কারণে এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ আসরে অংশ নিতে পারেনি বাংলাদেশ। সেই না পারার আক্ষেপ কাটিয়ে ওঠার একমাত্র মঞ্চই ছিল আসন্ন এসএ গেমস। বারবার সূচি পরিবর্তনের এই জটিলতায় খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি এবং ছন্দ দুটোই নষ্ট হচ্ছে বলে অভিযোগ এই কোচের।

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের কোচ ডালিয়া আক্তার বলেন, ‘ইউরোপে কোথাও আমাদের টিমটাকে নিয়ে গিয়ে একটা মাসের ট্রেনিং এবং সেই সাথে প্র্যাকটিস ম্যাচেসগুলা খেলা, ওখানে যতগুলো সম্ভব ম্যাক্সিমাম যদি এক মাস থাকি কমপক্ষে ১০টা ম্যাচ তো খেলা পসিবলই বা ১২টা বা ১৫টা।’

আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মান উন্নয়ন এবং অভিজ্ঞতা বাড়াতে নারী দলের বছরে অন্তত ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত। হ্যান্ডবলের মতো আর্থিক টানাপোড়েনে থাকা ফেডারেশনগুলোর জন্য বহুল প্রতীক্ষিত এই আসর। তবে আয়োজনগুলো সময়মতো মাঠে না গড়ালে সে সুযোগও হাতছাড়া হয় বলে মনে করেন নারী দলের কোচ।

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের কোচ ডালিয়া আক্তার বলেন, ‘আপনি সারা বছর যদি বছরব্যাপী ট্রেনিংই শুধু করান, কম্পিটিটিভ রিয়েল অপোনেন্ট ম্যাচ না খেলতে পারান, তাহলে আপনার উন্নতি হবে না। আপনার বড় কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলতে এবং আপনার উন্নতির জন্য বড় বড় দলগুলাকে ফেস করতে হবে।’

তাই দ্রুত সময়ের মধ্যে এসএ গেমস আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন, এমনটাই আশা খেলোয়াড় এবং কোচদের।


এএম