মধ্যপ্রাচ্য সংকটে অস্থির জ্বালানি বাজার, সরবরাহে চাপ—সাশ্রয়ী পদক্ষেপে সরকার

জ্বালানি সংকট ও বাংলাদেশ
অর্থনীতি , আমদানি-রপ্তানি
দেশে এখন
0

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সরবরাহ ব্যবস্থায় বাড়ছে অনিশ্চয়তা ও চাপ। এ পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে গ্রাহকদের।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, দেশে প্রতিদিন গড়ে ১ হাজার ১৩৭ টন জ্বালানি বিক্রি হলেও; চলতি মার্চ মাসে গড়ে বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২২ টনে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, ১ এপ্রিল পর্যন্ত দেশে অকটেনের মজুত রয়েছে ৯ হাজার ২১ টন। আগামী ৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে ২৫ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি আরও একাধিক জাহাজ পাইপলাইনে রয়েছে।

তবে, সরবরাহের আশ্বাস থাকা সত্ত্বেও ‘প্যানিক বায়িংয়ের’ কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এছাড়া মজুতদারির বিরুদ্ধে অভিযান চলমান থাকলেও প্রতিদিনই অবৈধ মজুতের ঘটনা ধরা পড়ছে।

এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দোকানপাট, শপিং মল, ব্যাংক ও অফিসের নতুন সময় নির্ধারণ করেছে সরকার। অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংকের লেনদেন হবে বিকেল ৩টা পর্যন্ত।

আজ (রোববার, ৫ এপ্রিল) জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শপিং মল ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে, যা আগে সন্ধ্যা ৬টা নির্ধারিত ছিল।

আরও পড়ুন:

সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আগামী তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি নতুন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও জানান, এপ্রিলের পিক সময়ে কৃষকদের ডিজেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘যেকোনো উৎস থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সংগ্রহে সরকার প্রস্তুত রয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

এদিকে, জ্বালানি সাশ্রয়ের প্রভাব শিক্ষা খাতেও পড়তে পারে বলে জানা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন নাকি অফলাইনে চলবে—এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া রোববার মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ দেশে এসে ভিড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএইচ