মানুষের নিরাপত্তা ও বিচার দু’টিতেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ: সারজিস

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
এখন জনপদে
রাজনীতি
1

মানুষের নিরাপত্তা ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অথচ কয়েকদিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হন।’

এনসিপির এ নেতা বলেন, ‘যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না—সেই সরকার যদি আবার বিচার দাবিতে আন্দোলন করলেও বাধা দেয়, তাহলে সেটি চরম ব্যর্থতা ছাড়া কিছু নয়। অন্তর্বর্তী সরকার যেহেতু এ হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দেয়া। এতে দ্রুত ও নিরপেক্ষভাবে ঘটনার সুষ্ঠু সমাধান সম্ভব হবে।’

এসএস