‘জিয়াউর রহমানের ওপরে অন্য কাউকে স্থান দেয়ার চেষ্টা জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ’

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
এখন জনপদে
রাজনীতি
0

জিয়াউর রহমানের ওপরে অন্য কাউকে স্থান দেয়ার চেষ্টা জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের প্রার্থী বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে তার বাস ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক সারা পৃথিবী জানে মেজর জিয়াউর রহমান। সেই জায়গায় আরেকজনকে জিয়াউর রহমানের উপরে স্থান দেয়ার চেষ্টা করা এটি জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ। আর স্বাধীনতার কথা আমরা জামায়াতের কাছ থেকে শুনতে চাইনা। আমরা মুক্তিযোদ্ধাদের কাছে শুনতে চাই। সুতরাং এই ধরনের কথা জনগণ গ্রহণ করবেনা।’

এসময় তিনি বলেন, ‘৪ দিন পরে নির্বাচন হতে যাচ্ছে। এটি আমার জন্য দশম নির্বাচন। অতীতের ৩টি নির্বাচনে ভোট দিতে পারিনি। বাসার মধ্যে গৃহবন্দী ছিলাম। তবে এবারের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে হচ্ছে। কেউ নির্বাচনি আইনশৃঙ্খলা ভঙ্গ করেনি। আমরা মনে করি এই নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। কারণ বাংলাদেশের মানুষ একটা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দিতে পারেনা।’

আরও পড়ুন:

এসময় তিনি একটি দলকে ইঙ্গিত করে বলেন, ‘তারা যতই সাধু সাজুক কিন্তু বাংলাদেশের মানুষের মনে রয়েছে এরা রাজাকার, আল বদর বাহিনী সৃষ্টি করেছিলো। সারা দেশ যখন বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্য অস্থির ছিলো, সারা দেশের তরুণ ছাত্র সমাজ স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলো এই সময় তারা পাক বাহিনীর দোসর ছিলো। এটি বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে এতো তাড়াতাড়ি মুছে যাবেনা। এই কারণে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কখনোই জামায়াত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিবেনা।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে তারা ১০ থেকে ২০ আসন পেতে পারে। অতীতে ১৮টি পেয়েছে। এবার হয়তো তারা বেশি পাবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কিংবা বিপুল সংখ্যক আসন পাওয়া কখনই সম্ভব নয়।’

এসময় মেজর হাফিজ বলেন, ‘জামায়াত দ্রুত তাদের ভোল পাল্টে ফেলে। এদের দেখে বুঝার উপায় নেই এরা ৭০ ও ৮০-এর দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রগ কাটতো। এরা স্বাধীনতাবিরোধী থেকে ৭১ এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের ধরে নিয়ে রায়েরবাজার হত্যা করে ফেলে দিয়েছিলো। তাদের সেই অতীত বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না।’

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৮ কোটি মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা কখনোই নির্বাচনকে বিঘ্ন ঘটাতে পারবেনা। জনগণের রায় নিয়ে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে বলে জানান তিনি।’

ইএ